স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক হয়েছেন অধ্যাপক ডা. এ. এইচ. এম এনায়েত হোসেন। আজ সোমবার (৩০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।

মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার উপচসিচব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বর্ণিত কর্মকর্তাকে বদলিপূর্বক নামের পাশে বর্ণিত পদে স্ববেতনে প্রেষণে নিয়োগের নিমিত্ত তাঁর চাকরি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে ন্যস্ত করা হলো।

এতে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এছাড়া এর অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ/প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বরাবর পাঠানো হয়েছে।

ডা. এনায়েত হোসেন সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে ১৯৮৯ সালে ৮ম বিসিএস ক্যাডারে নিয়োগ পান।

সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন এ চিকিৎসক।

২০০৩ সালে রংপুর মেডিকেল ও ২০০৭ সালে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনিসটিটিউশনে পরিচালক হিসেবে নিয়োগ পান তিনি।

২০১৫ সালে স্বাস্থ্য অধিদপ্তরের ডাইরেক্টর (এনসিডিসি) হিসেবে নিয়োগ দেয়া হয়। পরে তিনি অতিরিক্ত মহাপরিচালক (এজিডি) পদে দায়িত্বপ্রাপ্ত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *