রাজধানীর হলি ফ্যামিলি মেডিক্যাল কলেজ হাসপাতালে বিনা মূল্যে কৃত্রিম হাঁটু ও কোমরের জয়েন্ট প্রতিস্থাপন শুরু হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০০ জন দুস্থ ও অসহায়কে রোগীকে বিনা মূল্যে এই কৃত্রিম হাঁটু ও কোমরের জয়েন্ট প্রতিস্থাপন করে দেওয়া হবে। যাতে তারা সুস্থ ও স্বাভাবিক জীবন ফিরে পায়।

সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) এ টি এম আবদুল ওয়াহ্হাবের উদ্যোগে আগে আসলে, আগে অপারেশনের ভিত্তিতে বিনা মূল্যে এই কৃত্রিম হাঁটু ও কোমরের হাড় প্রতিস্থাপন ইতিমধ্যেই শুরু হয়েছে। হলি ফ্যামিলি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ও অর্থোপেডিক সার্জন ক্যাপটেন (অব.) ডা. সাইফুল ইসলামের (সাইফ) নেতৃত্বে একদল চিকিৎসক এই কার্যক্রম পরিচালনা করছেন।

এ বিষয়ে ডা. সাইফ বলেন, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই উদ্যোগ। দেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত হচ্ছে, তখন অনেক দুস্থ, অসহায় ও গরিব মানুষের হাঁটু বা কোমরের জয়েন্ট নষ্ট হয়ে যাওয়ায় পরিবার, সমাজ তথা দেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। আমার লক্ষ্য হলো স্থবির এই সমস্ত মানুষকে এই দুঃসহ অবস্থা থেকে সারিয়ে তুলে তাদের গতিশীল করা। তাই হাঁটু বা কোমরের জয়েন্ট নষ্ট হয়ে যাওয়ায় চলাফেরা করতে পারেন না, এমন মানুষের অপারেশনের মাধ্যমে হাঁটু বা কোমরের জয়েন্ট কৃত্রিমভাবে প্রতিস্থাপন করা হবে।

চিকিৎসক ও একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দেশ তাঁকে অনেক কিছু দিয়েছে উল্লেখ করে ডা. সাইফ ভবিষ্যতে হাজারো মানুষকে বিনা মূল্যে ও বিনা পারিশ্রমিকে এই সেবা দেওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেন।

এই উদ্যোগের সাথে সম্পৃক্ত ডা. সাবৃনা আহমেদ জানান, স্বাভাবিকভাবে সব কিছু মিলে এই প্রতিস্থাপন প্রক্রিয়ায় সাড়ে তিন লাখ টাকার উপরে দরকার হয়। যার মধ্যে কৃত্রিম হাঁটু বা কোমর জয়েন্টের মূল্য, দেড় লাখ টাকা ও সার্জনের অপারেশন ফি এক লাখ টাকা এবং বাকিটা হাসপাতালের খরচ। এই উদ্যোগে সমাজে বিত্তবান ও সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *