ডা. শাহজাদা সেলিম: আজ বিশ্ব অস্টিওপরোসিস দিবস। এ বছরের প্রতিপাদ্য-‘অস্থিকে ভালোবাসুন’। অস্টিওপরোসিস বা হাড়ক্ষয় বলতে শরীরের হাড়ের ঘনত্ব কমে যাওয়াকে বোঝায়।

অস্টিওপরোটিক হাড় অনেকটা মৌচাকের মতো ঝাঁজরা বা ফুলকো হয়ে যায়, যার ফলে অতি দ্রুত ভেঙে যাওয়ার আশঙ্কা বেড়ে যায়। মারাত্মক হাড়ক্ষয়ে হাঁচি বা কাশি দিলেও তা ভেঙে যেতে পারে। পঞ্চাশ বছর পেরোনোর পর থেকে শরীরে হাড়ক্ষয় বা এর লক্ষণগুলো প্রতিভাত হতে থাকে। কিন্তু এর শুরুটা অনেক আগেই হয়ে থাকে।

মানবদেহের হাড় সাধারণত ২৮ বছর বয়স পর্যন্ত ঘনত্বে বাড়ে; ৩৪ বছর পর্যন্ত তা বজায় থাকে। এরপর থেকে হাড়ক্ষয় পেতে থাকে। হাড়ক্ষয়ের ঝুঁকিতে থাকা মানুষের দ্রুত হাড়ের ঘনত্ব কমতে থাকে। মহিলাদের ক্ষেত্রে মাসিক-পরবর্তী সময়ে হাড়ক্ষয়ের গতি খুব বেগবান হয়। এ ছাড়াও নানা কারণ বা ঝুঁকি হাড়ক্ষয়ের আশঙ্কা বাড়িয়ে দিতে পারে। যাদের একবার হাড় ভাঙার ঘটনা ঘটে, তাদের পরবর্তী হাড় ভাঙার ঝুঁকি অনেকগুণ বেড়ে যায়। একবার পাঁজরের হাড় ভাঙলে কোমরের হাড় ভাঙার আশঙ্কা ২-৩ গুণ বৃদ্ধি পায় এবং ঊরুর হাড় ভাঙার আশঙ্কা বাড়ে ১-৪ গুণ।

হাড়ক্ষয়ের ঝুঁকিগুলো

অসংশোধনযোগ্য ঝুঁকি : বয়োবৃদ্ধি, স্ত্রী লিঙ্গ, জিনগত ত্রুটি, অপারেশনের কারণে ডিম্বাশয় না থাকা, হায়পোগোনাডিজম (পুরুষ ও মহিলার), অতি খর্বাকৃতি।

সংশোধনযোগ্য ঝুঁকি : ভিটামিন ডি-এর ঘাটতি, ধূমপান, অপুষ্টি (ক্যালসিয়াম, জিঙ্ক, ভিটামিন এ, কে ইত্যাদি), ক্ষীণকায় দৈহিক আকার, আমিষনির্ভর খাদ্যাভ্যাস, বেশি বয়সে অতিরিক্ত চা/কফি/চকোলেট গ্রহণের অভ্যাস, খাদ্যে বা বাতাসে ভারি ধাতু, কোমল পানীয় ও মদ্যপান।

মেডিকেল ঝুঁকি : দীর্ঘদিনের অচলাবস্থা ও স্টেরয়েড-জাতীয় ওষুধ সেবন (বাংলাদেশের রোগীদের মাঝে এটি খুব ব্যাপক; বিশেষ করে অস্বীকৃত চিকিৎসকদের দ্বারা নির্দেশিত হয়ে যারা ওষুধ সেবন করেন), প্রচলিত চিকিৎসা পদ্ধতির (কবিরাজি, আয়ুর্বেদি, হোমিওপ্যাথি, ইউনানি ইত্যাদি) মাঝে স্টেরয়েডের মাত্রাতিরিক্ত উপস্থিতি)। অন্যান্য হরমোনজনিত রোগ যেমন-হাইপারথাইরয়িডিস্ম, হাইপারপ্যারাথাইরয়িডিস্মকুসিং সিনড্রম, ডায়াবেটিস, এক্রমেগালি, অ্যাডিসন রোগ, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই, কিডনি অকার্যকারিতা ইত্যাদি।

উপসর্গ : প্রথমত, কোনো শারীরিক লক্ষণ নাও থাকতে পারে। তবে কোমরে বা পিঠে বা অন্য কোথাও ব্যথা, বিশেষ করে যা ব্যথানাশকে কমে না এমন চরিত্রের। কারও কারও দৈহিক উচ্চতা কমে যাওয়া, কুঁজো হয়ে যাওয়া বা সামনে ঝুঁকে থাকা।

শনাক্তকরণ : অনেকরকম পরীক্ষা-নিরীক্ষার দরকার হতে পারে-কিছু ঘনত্ব পরিমাপের জন্য, কিছু আবার ঝুঁকিগুলো চিহ্নিত করার জন্য। বিএমডি পরীক্ষাটি এ কাজে সবচেয়ে ভালো।

চিকিৎসা : এ রোগে প্রধান ও প্রথম পদক্ষেপ হবে ঝুঁকি শনাক্তকরণ, সম্ভব হলে তা রহিত করা। এরপর যেসব ওষুধ পাওয়া যায়, সেগুলোর কোনো একটি নির্দিষ্ট রোগীর জন্য প্রযোজ্য হতে পারে। প্রয়োজনে হরমোন ও মেটাবলিজম বিশেষজ্ঞের পরামর্শ নিন। যেহেতু, হাড়ক্ষয় একবার হলে তা পূর্বাবস্থায় ফিরিয়ে আনার সম্ভাবনা ক্ষীণ, তাই একে আগেভাগেই রোধ করার জাতীয় ও প্রাতিষ্ঠানিক কর্মসূচি নিতে হবে। এর অংশ হিসাবে কারা কতটুকু ঝুঁকিতে আছেন বা কারা ইতোমধ্যেই হাড়ক্ষয়ে ভুগছেন, তা নির্ধারণ করতে হবে এবং উপযোগী চিকিৎসা নির্বাচন ও প্রয়োগ করতে হবে।

ডা. শাহজাদা সেলিম : সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *