হৃদরোগের সুচিকিৎসা নিশ্চিত করতে সর্বাধুনিক ক্যাথল্যাব চালু হলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। সংশ্লিষ্টরা বলছেন, সর্বাধুনিক এই ক্যাথল্যাবটি চালু করার ফলে যতটা সম্ভব রেডিয়েশনের মাত্রা কম ব্যবহার করেই রোগীদের এনজিওগ্রাম ও হার্টে রিং পড়ানো সম্ভব হবে। সাথে সাথে উন্নতমানের সুস্পষ্ট ইমেজও পাওয়া যাবে।

বৃহস্পতিবার সকাল ৯টায় বিএসএমএমইউ’র কার্ডিওলজি বিভাগের ২য় তলায় সর্বাধুনিক ক্যাথল্যাব-১ এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসান, অধ্যাপক ও গ্রন্থাগারিক কবি ডা. মোঃ হারিসুল হক, অধ্যাপক ডা. মোহাম্মদ সফি উদ্দিন, অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান, অধ্যাপক ডা. এম এ মুকিত, সহকারী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম জোয়ারদার টিট, কনসালটেন্ট শেখ ফয়েজ আহমেদ-সহ সম্মানিত শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট শিক্ষার্থী, কর্মকর্তা, নার্স, টেকনিশিয়ান ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নতির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। রোগীদের কল্যাণের কথা ভেবেই কার্ডিওলজি বিভাগে কার্ডিয়াক ক্যাথল্যাব-১ চালু করা হলো। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণা কার্যক্রম আরো এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসান বলেন, সর্বাধুনিক ক্যাথল্যাবটি চালু হওয়ার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের উন্নত চিকিৎসাসেবা কার্যক্রম আরো সমৃদ্ধ হলো এবং এর মাধ্যমে রোগীদের জন্য সেবার পরিধি আরো বৃদ্ধি পাবে আশা প্রকাশ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *