চট্টগ্রামে মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবামূলক সংগঠন ‘হৃৎস্পন্দন’র উদ্যোগে এতিম ও অসহায় শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং শীতের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

গত বহৃস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় নগরীর সিআরবি এলাকায় বক্ষব্যাধী হাসপাতালের উত্তর পাশ সংলগ্ন চত্ত্বরে শীতবস্ত্র বিতরণ ও পিঠা উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে চট্টগ্রামের চারটি সুবিধা বঞ্চিত এতিমখানার প্রায় দুইশত শিশুর মাঝে শীতবস্ত্র ও ভ্যাসলিন বিতরণ করা হয়। এছাড়াও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী নওরিন ইসলাম ইমুর তত্বাবধানে সকল শিশুদের নিয়ে আয়োজন করা হয় শীতকালীন পিঠা উৎসবের।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম কেন্দ্রের কার্যকরী সদস্য ও সাউদার্ন মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ হোসেন আহাম্মদ, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের অধ্যাপক ও এনাটমি বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ হাবিব খান। এছাড়াও চট্টগ্রামের বেশ কয়েকজন চিকিৎসকসহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী এ এইচ জাহিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট স্বেচ্ছাসেবী সংগঠক ও টিভি আলোচক ডাঃ সৈয়দ মোহাম্মদ আসিফ।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ হোসেন আহমদ ‘হৃৎস্পন্দন’র এমন মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং একই সঙ্গে উপস্থিত সকলের উদ্দেশ্যে জঙ্গিবাদ, দুর্নীতি, মাদক এবং ইভটিজিংকে ‘না’ বলার উদাত্ত আহ্বান জানান।

বিভিন্ন সামাজিক কাজের জন্য ‘হৃৎস্পন্দন’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন প্রফেসর ডাঃ হাবিব খান।

এছাড়াও অনুষ্ঠানে হৃৎস্পন্দনের কার্যক্রম ও বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন মো. মিজানুর রহমান, মুনতাসির কাদেরী, ডাঃ সাহেদা রহমান মুন প্রমুখ। সব শেষে অতিথি ও ছোট্ট শিশুদের মাঝে শীতকালীন হরেক রকমের পিঠা বিতরণ করা হয়।

প্রসঙ্গত মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ‘হৃৎস্পন্দন’ দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, সেবামূলক ও সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

পরিমার্জিত/মেডি ভয়েস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *