গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরো ১১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৫ হাজার ৬২৭ জন। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৪ হাজার ৯৬৬ জন করোনা রোগী। এ নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত হলেন মোট ১৪ লাখ ৭৭ হাজার ৯৩০ জন।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৩৩ হাজার ৩৪৪টি। নতুন ও পুরনো নমুনা মিলিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয় ৩৩ হাজার ৬৪০টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৭ লাখ ৫৪ হাজার ৬৫৪টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৪ লাখ ৮৭ হাজার ৭৭৫টি, বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২২ লাখ ৬৬ হাজার ৮৭৯টি। নমুনা পরীক্ষার পর করোনা শনাক্ত হয়েছেন ৪ হাজার ৯৬৬ জন। এর মধ্যে শনাক্ত হয়েছেন ১৪ লাখ ৭৭ হাজার ৯৩০ জন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ৮০৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ লাখ ৮৯ হাজার ৫৭১ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের সংখ্যা ১৪ দশমিক ৭৬ জন। এ পর্যন্ত মোট শনাক্তের গড় ১৬ দশমিক ৮৮ জন। আক্রান্ত বিবেচনায় সুস্থতার হার ৯৪ দশমিক ০২। আক্রান্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৩ শতাংশ।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় ১১৪ জন মৃতের মধ্যে পুরুষ ৬২ জন, মহিলা ৫২ জন। এ পর্যন্ত মোট পুরুষ রোগী মারা গেছেন ১৬ হাজার ৭০৮ জন, নারী রোগী মারা গেছেন ৮ হাজার ৯১৯ জন। পুরুষ রোগী মৃত্যুর হার ৬৫ দশমিক ২০ শতাংশ, নারী রোগী মৃত্যুর হার ৩৪ দশমিক ৮০ শতাংশ।