নিম্ন ও মধ্যম আয়ের দেশসমূহে টাইফয়েড, কলেরা অপুষ্টি এবং অন্ত্রের অন্যান্য রোগ-সংক্রান্ত চ্যালেঞ্জ এবং এসবের মোকাবেলার উপায় খুজে বের করতে এ বিষয়ে বিশ্বের শীর্ষ পর্যায়ের জনস্বাস্থ্য বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা আগামী ২৮-৩০ জানুয়ারি মিলিত হচ্ছেন ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে ডায়রিয়া ও পুষ্টি বিষয়ক এশীয় সম্মেলন (অ্যাসকড)-এ।
পঞ্চদশ অ্যাসকড-এর আয়োজন করছে আইসিডিডিআর,বি। এতে সহযোগিতা করছে বাংলাদেশ সরকার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপারেশন এজেন্সি এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেইটস ফাউন্ডেশন। রবিবার প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ডায়রিয়াজনিত রোগ এখনো বিশ্বব্যাপী শিশু মৃত্যুর তৃতীয় প্রধান কারণ। ২০১৭ সালে প্রায় ১৬ লাখ মানুষ ডায়রিয়াজনিত রোগে মারা যায়। দক্ষিণ এশিয়া ও সাব-সাহারান আফ্রিকায় ২ বছরের কম বয়সী শিশুদের মধ্যে বেশিরভাগের মৃত্যুর কারণ ডায়রিয়া।
সংবাদ সম্মেলনে আইসিডিডিআর,বি-র নির্বাহী পরিচালক ড. জন ক্লেমেন্স বলেন, ‘আমরা ঢাকায় পঞ্চদশ অ্যাসকড-এ মিলিত হতে যাচ্ছি। আমাদের লক্ষ্য হল লক্ষ লক্ষ মানুষ যেসব বৈশ্বিক জনস্বাস্থ্য-সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে চলেছে তা সমাধানের উদ্দেশ্যে নতুন নতুন জ্ঞান অর্জন, জ্ঞান বিনিময় এবং আমাদের গবেষণা, উদ্ভাবন ও কর্মকৌশলসমূহ আলোচনা ও মূল্যায়ন করা।’
আইসিডিডিআর,বি-র সিনিয়র সায়েন্টিস্ট ও অ্যাসকড-এর সভাপতি ড. ফেরদৌসী কাদরী বলেন, তিন দিনের ওই সম্মেলনে ৮১টি মৌখিক এবং ১১৩টি পোস্টার উপস্থাপনা পেশ করা হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পকিল্পনা ও উন্নয়ন) এবং সংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির পরিচালক অধ্যাপক ডাঃ সানিয়া তহমিনা বলেন, ‘আমাদের জন্য অগ্রগণ্য বিষয় হল ২০৩০ সালের মধ্যে কলেরা রোগ নির্মূল করা এবং এই সম্মেলন অবশ্যই এই ব্যাপারে সহায়ক ভূমিকা পালন করবে।’
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিকেল স্কুলের মেডিসিনের অধ্যাপক এডওয়ার্ড টি রায়ান বলেন, বাংলাদেশ সংক্রামক রোগ চিহ্নিতকরণ, নিয়ন্ত্রণ ও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে জ্ঞান আহরণ ও বিতরণের ক্ষেত্রে অত্যন্ত গুরম্নত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরা; আইসিডিডিআর,বি-র উপ-নির্বাহী পরিচালক সৈয়দ মন্জুরুল ইসলাম, আইসিডিডিআর,বি-র সংক্রামক রোগ বিভাগের জ্যেষ্ঠ পরিচালক অ্যালেন রসও এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।