স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রস্তাবটি প্রত্যাহারের ৩ মাসের মাথায় ফের আবারো আলোচনায় এলো এমবিবিএস পরবর্তী ২ বছরের ইন্টার্নশিপ।
আগামী সোমবার বেলা ১১টায় বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এ বিষয়ে কর্মশালা ডেকেছে।
এ প্রসঙ্গে বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, বর্তমান ইন্টার্নশিপ ২ বছরে উন্নীতকরণের বিভিন্ন ফোরামে আলোচনা চলছে। এমতাবস্থায় বিএমডিসি ইন্টার্নশিপের সময়সীমা নির্ধারনের জন্য একটি কর্মশালার আয়োজন করেছে।
এদিকে, আবারো ২ বছর ইন্টার্নশীপের প্রস্তাবনা নিয়ে আলোচনা সভা ডাকার খবরে ক্ষোভ প্রকাশ করেছেন মেডিকেল শিক্ষার্থীরা। তারা বলছেন, যেটা রোধের জন্য এত আন্দোলন করলাম, সেটাই আবার কার্যকর করার অশুভ উদ্যোগ নেয়া হচ্ছে।
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর দেশের মেডিকেল (এমবিবিএস ও বিডিএস কোর্স) শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে ইন্টার্নশিপের সময়কাল এক বছর থেকে বাড়িয়ে দুই বছর করার প্রস্তাব প্রত্যাহার করে নেয়া হয়। সেইসঙ্গে, প্রাথমিকভাবে আলোচনা করে মতামত জানানোর জন্য ওয়েবসাইটে যে খসড়া নীতিমালা প্রকাশ করা হয়েছিল তা প্রত্যাহার করে নেয় মন্ত্রণালয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া সে সময়কার বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজের এমবিবিএস-বিডিএস কোর্সের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ ভাতা প্রদান সংক্রান্ত নীতিমালা-২০১৯’ এর খসড়া নীতিমালাটি প্রাথমিকভাবে আলোচনা করে মতামত জানানোর জন্য ওয়েবসাইটে প্রদর্শন করা হয়েছিল। এটি একটি খসড়া নীতিমালা ছিল, কোনো চূড়ান্ত নীতিমালা নয়। নীতিমালাটি চূড়ান্ত করার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার প্রয়োজন আছে বলেও জানানো হয়।