রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ৩৯তম বিসিএস চিকিৎসক কর্মকর্তাদের ওরিয়েন্টেশন আগামী ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন)-এর সভাপতিত্বে গত ২৮ নভেম্বর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ৩৯তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) এর মাধ্যমে ৪ হাজার ৪৪৩জন নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসক কর্মকর্তা বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে যোগদান উপলক্ষে ওরিয়েন্টেশন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ওই বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিভিন্ন বিষয়ে দায়িত্ব বণ্টন করা হয়েছে।
বৈঠক সূত্র জানায়, ওই অনুষ্ঠানে ২৫টি বুথ স্থাপন করা হবে।
সভায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) সভাকে অবহিত করেন যে, যোগদান অনুষ্ঠানে আগত নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকগণের সাথে অনেক অভিভাবক অনুষ্ঠানস্থলে আগমন করবেন মর্মে প্রতীয়মান। সে প্রেক্ষিতে যোগদান অনুষ্ঠানে নিয়োগপ্রাপ্ত চিকিৎসকগণের সাথে অভিভাবকগণ যাতে না আসেন সে বিষয়টি নিরুৎসাহিত করার জন্য একটি বিজ্ঞপ্তি উল্লেখ করা যেতে পারে৷
সভায় উপস্থিত অতিরিক্ত সচিব (অভ্যন্তণীণ প্রশাসন ও শৃংখলা) সভাকে অবহিত করেন যে, বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, ঢাকায় আইন-শৃংখলা রক্ষার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশকে অনুরোধ পত্র প্রেরণ করতে হবে।